প্রকল্পের ক্ষেত্রে বিদেশি ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম এমন কথা জানিয়েছেন।
দীর্ঘ ৮ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হয়।ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশি অর্থায়নে প্রকল্পগুলো দুই মাস অন্তর অন্তর পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠনের কথা বলা হয়েছে। প্রকল্পের ক্ষেত্রে বিদেশি ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেন, যারা (বিদেশিরা) প্রকল্পে ঋণ দিচ্ছে তাদের কী স্বার্থ নেই? তারা কী নিঃস্বার্থভাবে প্রকল্পে ঋণ দিচ্ছে নাকি? তারা কী ঋণের বদলে ইন্টারেস্ট পাচ্ছে না? তবে প্রকল্প যেন সঠিক সময়ে বাস্তবায়ন হয় এটা আমরাও চাই, তারাও (বিদেশিরা) চায়। প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্ট্যাডি যাতে ভালো হয় এইসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রকল্পে অর্থছাড় তাড়াতাড়ি করা হবে। এসব নিয়ে আলোচনা হয়েছে।